জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যানসারে আক্রান্ত জিসানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি শহীদ জাহিদের মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুল্লাহ বিন জাহিদ। এর দুই সপ্তাহ পর তার ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার ধরা পড়ে। কয়েক মাসের ব্যবধানে পরিবারের কর্তা মারা যাওয়ায় পরিবারটি চরম সংকটে পড়ে।
পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জিসানের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে শুরু হওয়া সেই চিকিৎসা সহায়তা এখনো অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



