ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র নগরী কোমে একটি সড়কের পাশে বড় একটি বাকেট হাতে দাঁড়িয়ে জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে কোম শহরে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। আগত মানুষের সেবায় বিভিন্ন সড়ক ও সেবাকেন্দ্রে স্বেচ্ছাসেবীরা ফল, কেক, নাশতা ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ কার্যক্রমে ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীও স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে আগত মানুষের মধ্যে ফল ও কেক বিতরণ করেন। একই সঙ্গে তিনি এই মানবিক উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেন।



