ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি হার্ডওয়্যার কোম্পানির শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি বিভিন্ন শ্রমিক অধিকার ও কর্মপরিবেশ-সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত যানবাহন এবং অ্যাম্বুলেন্সও আটকা পড়েছে।
যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছাতে অনেকের বিলম্ব হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



