অল ক্রাইমস.টিভি ডেস্ক
জন্মহার কমে যাওয়া ও কর্মক্ষম জনশক্তি সংকুচিত হওয়ায় চীন এখন রোবট ও অটোমেশনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে উঠেছে। দীর্ঘদিনের সস্তা শ্রমনির্ভর অর্থনীতি থেকে সরে এসে দেশটি প্রযুক্তিগত স্বনির্ভরতা ও হাই-টেক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে।
সরকারের নগদ প্রণোদনা, কর ছাড় কিংবা বিয়ে সহজ করার মতো নীতিও জন্মহার বাড়াতে ব্যর্থ হওয়ায় শি জিনপিং প্রশাসন উৎপাদন খাতকে দ্রুত রোবটনির্ভর করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জনসংখ্যা সংকট পেনশন, স্বাস্থ্যসেবা ও উৎপাদনশীলতার ওপর বড় চাপ তৈরি করছে।
বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম শিল্প রোবট বাজার। ২০২৪ সালে বিশ্বে স্থাপিত মোট রোবটের অর্ধেকের বেশি বসানো হয়েছে দেশটিতে। অনেক কারখানায় ওয়েল্ডিং, পেইন্টিং ও অ্যাসেম্বলিংয়ের কাজ করছে রোবটিক হাত। এমনকি ‘ডার্ক ফ্যাক্টরি’ ধারণাও জনপ্রিয় হচ্ছে, যেখানে মানুষের উপস্থিতি ছাড়াই উৎপাদন চলছে।
রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদনশীলতা ধরে রেখে কম কর্মী নিয়েও শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়েছে বেইজিং। পাশাপাশি হিউম্যানয়েড রোবট তৈরিতেও জোর দিচ্ছে দেশটি; সরকারি সহায়তায় প্রায় ১৪০টির বেশি কোম্পানি এ খাতে কাজ করছে।
তবে এই প্রযুক্তিগত রূপান্তর স্বল্পমেয়াদে কর্মসংস্থানে চাপ সৃষ্টি করতে পারে। শিক্ষা, সামাজিক সুরক্ষা ও প্রযুক্তির সমন্বয়ই নির্ধারণ করবে চীন জনসংখ্যাগত সংকট কাটিয়ে উঠতে পারবে কি না।
সূত্র: CNN



