শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল গোপনীয়তা সুরক্ষায় তুরস্কের জাতীয় শিক্ষা মন্ত্রণালয় এক কঠোর নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এখন থেকে শিক্ষার্থীদের ছবি বা ভিডিও তাদের ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে পারবে না।
তুরস্কের জাতীয় শিক্ষা মন্ত্রণালয় দেশের সব প্রাদেশিক শিক্ষা অধিদপ্তরে এ-সংক্রান্ত একটি পরিপত্র পাঠিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশের ক্ষেত্রে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূলত সাইবার বুলিং (অনলাইন হয়রানি), পরিচয় চুরি (আইডেন্টিটি থেফট) এবং শিশুদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের মতো গুরুতর ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে শিক্ষার্থীদের ছবি প্রকাশ তাদের বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মুখোমুখি করতে পারে বলে কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে।
এই নির্দেশনার ফলে স্কুলগুলোর প্রচারণা বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ছবি ব্যবহারের পথ বন্ধ হয়ে গেল। বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, যদি কোনো ক্ষেত্রে অভিভাবকের সম্মতিও থাকে, তবুও শিক্ষার্থীদের ছবি ব্যবহার করতে হবে অত্যন্ত সংযতভাবে, যাতে তাদের মর্যাদা ও গোপনীয়তা কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। এই নিয়ম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করবে জাতীয় শিক্ষা মন্ত্রণালয়। কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই নির্দেশনা কার্যকর করার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের।



