পরীক্ষামূলক সংস্করণ

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

চার বছর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো বিস্তারিত ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়িকা পরীমনি রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলেছেন, হারিয়ে যাওয়া সময়, মানসিক শান্তি ও সামাজিক সম্মান রাষ্ট্র আদৌ ফিরিয়ে দিতে পারবে কি না।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তারের দীর্ঘ চার বছর পর প্রথমবারের মতো বিস্তারিত ও খোলামেলা বক্তব্য দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাজীবনে অপূরণীয় ও মারাত্মক ক্ষতি হয়েছে। একই সাথে যেভাবে তাঁকে অপদস্থ করা হয়েছে এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি একটি অনলাইন টক শোতে দেওয়া বক্তব্যের সূত্র ধরে পরীমনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান। পরীমনি উল্লেখ করেন, ওই কর্মকর্তার বক্তব্যের মাধ্যমে দেশবাসী অবশেষে জানতে পেরেছে যে, বনানীর বাসায় দীর্ঘ অভিযান শেষে তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সরাসরি নির্দেশে তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের পর মিথ্যা ও বানোয়াট মামলায় তাঁকে টানা ২৮ দিন কারাগারে বন্দি রাখা হয়। সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতা তাঁর জীবনকে কতটা বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর তিনি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয় বলে জানান এই অভিনেত্রী।

গ্রেপ্তারের পর থেকে আজ অবধি নিজেকে সেই ঘটনার ভুক্তভোগী দাবি করে রাষ্ট্রের উদ্দেশে কয়েকটি তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন পরীমনি। তিনি জানতে চান, ‘আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?’ তবে অতীতের এই ঘটনার জন্য তিনি কারও ওপর প্রতিশোধ নিতে চান না, বরং সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাঁর একমাত্র প্রত্যাশা। তিনি চান, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অন্যায়ের শিকার না হন। স্ট্যাটাসের শেষাংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং আমার দর্শকদের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই।’

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করার পর র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় পরীমনির বাসা থেকে বিদেশি মদ, ৪ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং একটি এলএসডি ব্লট উদ্ধারের অভিযোগ আনা হয়, যা বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এর আগে একই বছরের ৮ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং মামলাটি বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। অন্যদিকে, বোট ক্লাবের একই ঘটনার জেরে ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে উল্টো পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি নালিশি মামলা করেন। নাসিরের অভিযোগ ছিল, বোট ক্লাবে বিনামূল্যে অ্যালকোহল দিতে অস্বীকৃতি জানানোয় পরীমনি তাঁকে গালাগাল করেন এবং গ্লাস ছুড়ে মারেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...