টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জরুরি কন্ট্রোল রুম চালু এবং দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৪ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও দিরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনায় প্রতিটি পৌরসভায় জরুরি কন্ট্রোল রুম চালু, সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় শুকনো খাবার, শিশু খাদ্য, গো-খাদ্য, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী মজুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্র, উদ্ধারকারী নৌযান, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজে পর্যাপ্ত নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এছাড়া জেলার ১২টি উপজেলায় আগেই জিআর চাল বিতরণ এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ইউএনও, পিআইও, ডিআরআরওসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণকে সচেতন করতে মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে। জেলার সব উপজেলায় কন্ট্রোল রুম চালু রয়েছে।



