রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় তরুণী সানজিদা আক্তার মারিয়া (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ। ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিহতের স্বামী সাইফুল ইসলাম (২১)-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়াকে গলায় পাটের সুতলি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমদিকে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই চান মিয়া বাদী হয়ে শনিবার (১১ জুলাই) খিলগাঁও থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরপরই খিলগাঁও থানা পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহ এবং স্বামীর বাবা-মাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



