ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ৩ হাজার ৯৬০টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি বাইসাইকেলও জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
শনিবার (১১ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ আলীনগর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলে অবস্থান নিয়ে নজরদারির সময় ৭ থেকে ৮ জন চোরাকারবারিকে ভারত থেকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে কসটেপ দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডিসপ্লে ও জব্দকৃত দুটি বাইসাইকেলের মোট আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা।
জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লে ও অন্যান্য আলামত প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



