বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ডা. পাভেলকে দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধানমন্ত্রী চিকিৎসকদের ডা. পাভেলের চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার আহ্বান জানান। পরে তিনি অধ্যাপক পাভেলের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ সময় প্রধানমন্ত্রী ডা. পাভেলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতার কারণে অধ্যাপক ডা. পাভেল বর্তমানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ। দেশের চিকিৎসা অঙ্গনের অন্যতম বিশিষ্ট এই সার্জন চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য দেশে-বিদেশে পরিচিতি পেয়েছেন এবং ‘সার্ক আইকন অব সার্জন’ সম্মানে ভূষিত হয়েছেন।
তিনি বর্তমানে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।



