রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় একটি ফ্ল্যাট থেকে ৬৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত শাহিদা বেগম (৬৮) যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর দনিয়া এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনাটি শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৭টার মধ্যে ঘটে থাকতে পারে। খবর পেয়ে রোববার (১২ জুলাই) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাসার ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল। তবে এটি ডাকাতি, লুটপাট নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড—তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিদা বেগম বাসায় একাই থাকতেন। তার এক ছেলে মালয়েশিয়ায় এবং দুই মেয়ে পৃথকভাবে বসবাস করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে।



