গাজীপুরের শ্রীপুরে এক রাতে শিয়ালের আক্রমণে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন এবং শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে এলাকায় শিয়ালের বিচরণ বেড়ে গেলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শনিবার সন্ধ্যার পর একাধিক শিয়াল লোকালয়ে ঢুকে পথচারী, বাড়ির আঙিনা এবং বসতঘরে থাকা মানুষকে আক্রমণ করে। কিছু ক্ষেত্রে ঘরের ভেতরে ঢুকেও মানুষকে কামড়ে আহত করে।
আহতদের মধ্যে আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী (৩৪), সাইফুন্নাহার (২৩) ও আরাফ (১৪)-এর পরিচয় জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভাংনাহাটি গ্রামের বাসিন্দারা জানান, কামিল মাদ্রাসাসংলগ্ন একটি বাড়িতে ঢুকে শিয়াল দুই নারীকে কামড়ে আহত করে। এ ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলী আজগর সোহাগ জানান, শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা দ্রুত বন্যপ্রাণীর উপদ্রব নিয়ন্ত্রণ, আক্রান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।



