অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে তাকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের তথ্য অনুযায়ী, আইনি নোটিশের পরও কোনো সমাধান না হওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।
বাদীপক্ষের আইনজীবী জানান, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। এখন বিষয়টির আইনি প্রক্রিয়া আদালতেই চলবে।
এদিকে, তানজিন তিশা বর্তমানে অভিনেতা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। মামলার কারণে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।



