মাতৃত্বকালীন বিরতির পর অভিনয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। সিনেমার টিজার ও প্রথম গান ‘তবাহি’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারা আদভানি ও অভিনেতা ইয়াশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ‘টক্সিক’কে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। কেউ কেউ সিনেমাটিকে ‘নারীবিদ্বেষী’ বলেও সমালোচনা করেছেন। পরে প্রকাশিত ‘তবাহি’ গানে ইয়াশ ও কিয়ারার রোমান্টিক রসায়ন নতুন করে আলোচনার জন্ম দেয়।
যদিও অনেক দর্শক গানটি প্রশংসা করেছেন, তবে একাংশ নেটিজেন ঘনিষ্ঠ দৃশ্যগুলোর সমালোচনা করে সেগুলোকে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অন্তরঙ্গ বলে মন্তব্য করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে কিয়ারা আদভানিকেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
সমালোচনার জবাবে এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘মুঘল-এ-আজম’ সিনেমায় দিলীপ কুমার ও মধুবালার রোমান্টিক রসায়ন তাকে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই তিনি গভীর আবেগ ও ভালোবাসার প্রকাশ ঘটে—এমন দৃশ্যে অভিনয় করতে আগ্রহী হয়েছেন।
কিয়ারা জানান, বলিউডে প্রেমের গল্প থাকলেও গভীর আবেগপূর্ণ রোমান্টিক দৃশ্য তুলনামূলক কম দেখা যায়। ‘টক্সিক’-এ তিনি সেই অনুভূতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
তবে সমালোচকদের মতে, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় এত বেশি ঘনিষ্ঠ দৃশ্য দেখানোর প্রয়োজন ছিল না। তাদের দাবি, এতে সিনেমার মূল গল্পের বদলে বিতর্কই বেশি গুরুত্ব পাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন কিয়ারা আদভানি। তিনি নির্মাতাদের কাছে কয়েকটি দৃশ্য সম্পাদনারও অনুরোধ করেছিলেন। শুটিংয়ের আগে তাকে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও চূড়ান্ত ফুটেজ দেখে তিনি বিস্মিত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



