বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আর্জেন্টিনা। ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম কিটের বদলে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে খেলতে ফিফার কাছে অনুমতি চেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে গাঢ় নীল জার্সিতে মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফিফা।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত মাত্র একবার অ্যাওয়ে জার্সি পরে খেলেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে গাঢ় নীল জার্সিতে মাঠে নেমে ৩-১ গোলের জয় পেয়েছিল মেসির দল।
যদিও জার্সি পরিবর্তনের আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, তবে আর্জেন্টাইন ফুটবল সংস্কৃতিতে ‘কাবালা’ বা সৌভাগ্যের বিশ্বাসের প্রচলন রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে সফল কোনো জার্সি বা রুটিনকে অনেক সময় শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করেন সমর্থকরা।
আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসেও রয়েছে নীল জার্সির বিশেষ স্মৃতি। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার দুটি জয়ই এসেছে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে।
১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। এরপর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে টাইব্রেকারে জয় পায় তারা।
ফিফার অনুমোদন মিললে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আবারও গাঢ় নীল জার্সিতে দেখা যাবে আর্জেন্টিনাকে। সমর্থকদের বিশ্বাস, ইতিহাসের সফল স্মৃতি এবারও দলের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।



