ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পূর্বে অবস্থিত ঐতিহাসিক ফন্টেনব্লু অরণ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারিস থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে ফন্টেনব্লু অরণ্যের কাছে একটি মোটরওয়ের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত দাবানলে ৮০০ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে।
দাবানলের কারণে ফ্রান্সের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ এ-৬ মোটরওয়ের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি রেলপথে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।
আগুনের ঝুঁকি বাড়ায় ভোদু গ্রামের অন্তত ১৫টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪০০ দমকলকর্মী কাজ করছেন। আগুন নেভাতে দুটি পানি নিক্ষেপকারী বিমান, দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার এবং একটি পর্যবেক্ষণ বিমান মোতায়েন করা হয়েছে।
ফরাসি কর্মকর্তারা এই দাবানলকে অত্যন্ত তীব্র ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ফ্রান্সের জাতীয় দমকল বাহিনীর প্রতিনিধি এরিক ব্রোকার্দি জানান, প্যারিস অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে দক্ষিণাঞ্চল থেকে বিশেষ অগ্নিনির্বাপণ বিমান পাঠানোর ঘটনা প্রথমবারের মতো ঘটেছে।
এদিকে পশ্চিম ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে ফ্রান্সের বিভিন্ন এলাকায় দাবানলের ঝুঁকি বেড়েছে। জলবায়ু গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের তীব্র তাপপ্রবাহের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
তীব্র গরমের কারণে ফ্রান্সের তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, চলতি বছরে এখন পর্যন্ত ফ্রান্সে প্রায় ১৭ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।



