এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন একদল পরীক্ষার্থী। টানা বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন নগরীর বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় দেওয়া হয়নি এবং আগের বছরের তুলনায় প্রশ্নপত্র অনেক বেশি কঠিন হয়েছে। তাদের দাবি, কিছু প্রশ্ন সিলেবাসের বাইরেও এসেছে।
শিক্ষার্থীরা আরও বলেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও একটি শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে তা বহাল রাখা হয়েছে, যা বৈষম্যমূলক সিদ্ধান্ত। এসব সমস্যার সমাধান না করে শিক্ষামন্ত্রীর বক্তব্য শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে বলেও অভিযোগ করেন তারা। এ কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বর্তমান পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা।
এদিকে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কাজ করছে। আন্দোলনকারীদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করেছেন এবং দ্রুত সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।



