কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে শিরোপা লড়াইয়ের টিকিট নিশ্চিত করেছে হরসিত-সুজনরা।
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথম সেটে উজবেকিস্তানকে ২৫-২১ ব্যবধানে হারিয়ে এগিয়ে যায় টাইগাররা।
দ্বিতীয় সেটেও ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। প্রতিপক্ষকে চাপে রেখে ২৫-২০ ব্যবধানে সেট জিতে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যায় দল।
ম্যাচে টিকে থাকতে উজবেকিস্তানের জন্য তৃতীয় সেট ছিল গুরুত্বপূর্ণ। তবে সেই সেটেও বাংলাদেশ কোনো সুযোগ দেয়নি। দুর্দান্ত আক্রমণ ও নিয়ন্ত্রিত খেলায় ২৫-১৯ ব্যবধানে সেট জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাবর্তনের লড়াই করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় দল।
আগামী ২৯ জুলাই কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দল।



