দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জন হামে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জনের শরীরে হাম শনাক্ত বা উপসর্গ পাওয়া গেছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।



