রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব দূরপাল্লার রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে মতবিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়ায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। তবে কমিটির সদস্য নির্বাচন ও গঠনপ্রক্রিয়া নিয়ে মতবিরোধ দেখা দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বৈঠক শেষে শ্রমিক নেতারা রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে অনির্দিষ্টকালের জন্য ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। এরপর থেকেই দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনালে আটকা পড়েছেন অনেক যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে সমাধানের চেষ্টা চলছে।



