২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ এই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিতর্ক, নাটকীয়তা এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত। নতুন লড়াইয়ের আগে ফিরে দেখা যাক আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ইতিহাসের পাঁচটি বহুল আলোচিত ঘটনা।
১৯৬৬ বিশ্বকাপ: রাত্তিন বিতর্ক ও লাল-হলুদ কার্ডের সূচনা
১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েম্বলিতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রিটলিনের সিদ্ধান্তে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাত্তিন মাঠ ছাড়তে বাধ্য হন। ভাষাগত জটিলতার কারণে সিদ্ধান্তের ব্যাখ্যা না পেয়ে তিনি প্রতিবাদ করেন। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকার পর পুলিশ তাকে মাঠের বাইরে নিয়ে যায়। এই ঘটনাকেই পরবর্তীতে ফুটবলে হলুদ ও লাল কার্ড চালুর অন্যতম কারণ হিসেবে ধরা হয়।
১৯৭৭: বার্তোনির ঘুষিতে ভাঙে ট্রেভর চেরির দাঁত
১৯৭৭ সালের প্রীতি ম্যাচে দুই দলের উত্তেজনা চরমে পৌঁছে। ইংল্যান্ডের ট্রেভর চেরির ট্যাকলের জবাবে আর্জেন্টিনার ড্যানিয়েল বার্তোনি ঘুষি মারলে চেরির সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে দুজনকেই লাল কার্ড দেখানো হয়। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে লাল কার্ড দেখেন ট্রেভর চেরি।
১৯৯৮ বিশ্বকাপ: বেকহ্যামের লাল কার্ড
ফ্রান্স বিশ্বকাপের শেষ ষোলোতে দিয়েগো সিমিওনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ডেভিড বেকহ্যাম। ১০ জনের ইংল্যান্ড লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। এই ম্যাচটি এখনো ইংল্যান্ডের অন্যতম বেদনাদায়ক বিশ্বকাপ স্মৃতি।
২০০২ বিশ্বকাপ: পচেত্তিনোর ফাউল ও বেকহ্যামের জয়সূচক গোল
২০০২ বিশ্বকাপে দুই দলের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে মরিসিও পচেত্তিনোর ফাউলে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে জয় এনে দেন ডেভিড বেকহ্যাম। পরে পচেত্তিনো দাবি করেন, মাইকেল ওভেন ডাইভ দিয়েছিলেন এবং তিনি কোনো ফাউল করেননি।
১৯৮৬ বিশ্বকাপ: ‘হ্যান্ড অব গড’ ও শতাব্দীর সেরা গোল
এই দ্বৈরথের সবচেয়ে বিখ্যাত অধ্যায় ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। দিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে বল জালে জড়িয়ে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল করেন। মাত্র চার মিনিট পর নিজের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে করেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা এবং পরে বিশ্বকাপ শিরোপাও জিতে নেয়।
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অতীতের তিক্ততা ও গৌরবময় স্মৃতি পেছনে রেখে এবারও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে এই মহারণে।



