টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে জড়ো হন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন ঘোষণা দেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা পুনরায় আয়োজন, বন্যা ও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় পরবর্তী দিনের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র প্রণয়ন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথম দফায় সড়ক অবরোধ করে প্রায় ৪৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা কলেজ, নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে যান। এরপর পুলিশি তত্ত্বাবধানে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান শেষে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন।
আন্দোলনের ফলে সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হলেও মানবিক কারণে জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।



