নিজের নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাঁর নামে ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচার করে আসছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, গতকাল তিনি কক্সবাজারে বন্যাকবলিত মানুষের পাশে ছিলেন এবং আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করেছেন। ছাত্রদল সভাপতি হিসেবে তাঁর বক্তব্য সবসময় রেকর্ড করা হয় এবং প্রয়োজন হলে ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে কেন্দ্র করে তাঁর নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে এবং কিছু ক্ষেত্রে তিনি আইনের আশ্রয়ও নিয়েছেন বলে জানান।
রাকিব আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে এ ধরনের ভুয়া, অশ্লীল ও বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি ও প্রচার করা সম্ভব নয়। তাঁর দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী ইসলামের লেবাসে রাজনীতির নামে এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মোনাফেক গুপ্তরা থেমে নেই।’ পাশাপাশি তিনি বলেন, ‘কথায় আছে, শয়তান কখনো ক্লান্ত হয় না। তাই সর্বক্ষেত্রে এ ধরনের শয়তানদের ধ্বংস কামনা করি।’
ছাত্রদল সভাপতির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।



