এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ঘোষিত লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য সমাবেশ ও মিছিলকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সম্ভাব্য কর্মসূচিকে সামনে রেখে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সিটি কলেজ পরীক্ষাকেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা ধীরে ধীরে কেন্দ্র ত্যাগ করেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত লংমার্চকে কেন্দ্র করে বড় ধরনের কোনো জমায়েত বা সমাবেশ দেখা যায়নি। অধিকাংশ পরীক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হতে দেখা গেছে। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে অন্যান্য দিনের তুলনায় অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।
এর আগে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।



