ফেসবুকে নতুন আত্মপ্রকাশ করা ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজ থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কোনো ধরনের ধন্যবাদ না জানানোর জন্য কঠোর ও হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলার বিতর্কের মুখে মঙ্গলবার (১৪ জুলাই) দেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন। এই পেজটি চালু হওয়ার পরপরই অনেকে এর পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন এবং অনেক পলাতক আওয়ামী নেতাকর্মীকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এর জবাবেই পেজটির পক্ষ থেকে পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে এই শক্ত অবস্থান স্পষ্ট করা হয়।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে দেওয়া ওই পোস্টে সংগঠনটি স্পষ্টভাবে উল্লেখ করেছে, “ইনবক্সে এবং আমাদের পেজকে মেনশন করে অনেক পতিত ফ্যাসিস্ট লীগ ধন্যবাদ জানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই।আমরা হইলাম তারা,যারা তোমাদের দেশ ছাড়া করেছি। এবং আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করব। তাই নিষিদ্ধ খুনি/ফ্যাসিস্টদের ধন্যবাদ।”
নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এই পেজের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে, চলমান এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আন্দোলন ও নতুন পেজ খোলার সাথে পতিত সরকারের কোনো সম্পর্ক নেই। বরং অতীতে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণ সমাজ রুখে দাঁড়িয়েছিল, ভবিষ্যতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তারা একই ধরনের কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না।



