বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন। প্রায় ১৪ মাস ধরে চলা এই সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি নিজের একটি বিশেষ শর্তের কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, গত ১৪ মাস ধরে তিনি ‘বারাণসী’ সিনেমার শুটিং করছেন। তার ভাষায়, রাজামৌলির মতো নির্মাতার সঙ্গে কাজ করতে সময় লাগাটা স্বাভাবিক। সিনেমাটি সময় ও বিশ্বের বিভিন্ন প্রান্তজুড়ে বিস্তৃত এক মহাকাব্যিক অ্যাডভেঞ্চার, যেখানে দর্শক একাধিক স্লো-মোশন অ্যাকশন দৃশ্য দেখতে পাবেন।
এর আগে ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, আট বছর পর এই সিনেমার মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন। তবে সিনেমাটিতে অভিনয়ের আগে পরিচালক এস এস রাজামৌলির কাছে একটি শর্ত রেখেছিলেন তিনি।
প্রিয়াঙ্কার শর্ত ছিল, ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনের ছবিতে অবশ্যই একটি গান ও নাচের দৃশ্য থাকতে হবে। সেই অনুযায়ী নির্মাতা সিনেমায় একটি বিশেষ গান রেখেছেন। যদিও সেই গানের শুটিং এখনো বাকি রয়েছে। তবে জটিল কোরিওগ্রাফিতে নির্মিত আরেকটি নাচের দৃশ্যের শুটিং ইতোমধ্যেই শেষ করেছেন অভিনেত্রী।
বিজয়েন্দ্র প্রসাদের গল্পে নির্মিত ‘বারাণসী’ সিনেমায় রুদ্র চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু। প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে এবং পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে কুম্ভ চরিত্রে।
রাজামৌলির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হবে। এরপর ২০২৭ সালের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।



