শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, এইচএসসি পরীক্ষার নতুন রুটিন এবং পুনঃপরীক্ষার দাবিতে রাজশাহীতে চার ঘণ্টা সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত নগরীর তালাইমারী মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে কর্মসূচি শেষে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, বরেন্দ্র কলেজ, মসজিদ মিশন একাডেমিসহ ১০ থেকে ১২টি কলেজের শিক্ষার্থীরা তালাইমারী মোড়ে জড়ো হয়ে চারদিকের সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) রুয়েট গেটে অবস্থান নিয়ে যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেয়। দূরপাল্লার বাস ও ট্রাক বাইপাস সড়ক ব্যবহার করলেও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ, এইচএসসি পরীক্ষার রুটিন পুনর্বিন্যাস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে সড়ক অবরোধের কারণে কর্মস্থল ও গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েন সাধারণ মানুষ। অনেক যাত্রীকে দীর্ঘ পথ হেঁটে বিকল্প যানবাহনে উঠতে দেখা যায়। যানজটের কারণে নগরীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ফেরদৌস জানান, শিক্ষার্থীদের কর্মসূচির কারণে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যায় অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।



