দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পথে একাধিক আলোচিত ভারতীয় সিনেমা। সাফটা (SAFTA) চুক্তির আওতায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ এবং কন্নড় সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ বাংলাদেশে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুমতির আবেদন করা হয়েছে।
জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৪ আগস্ট ভারতে মুক্তি পাবে ‘আওয়ারাপান ২’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন আমদানিকারকরা। ইতোমধ্যে ছবিটি আমদানির অনুমোদনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে, মুক্তির আগেই আলোচনায় থাকা ইয়াশ অভিনীত ‘টক্সিক’ সিনেমাটিও বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটি প্রদর্শনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হবে।
দুই সিনেমার আমদানির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, ‘আওয়ারাপান ২’-এর আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে এবং ‘টক্সিক’-এর আবেদনও দ্রুত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এর আগে একই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘পাঠান’, ‘জওয়ান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘অ্যানিমেল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে ভালো সাড়া পেলেও অন্য কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি।
সাফটা চুক্তি অনুযায়ী ভারতীয় সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশি সিনেমাও ভারতে রপ্তানি করতে হয়। এ বিষয়ে অনন্য মামুন জানান, কয়েকটি বাংলাদেশি সিনেমা ইতোমধ্যে ভারতে পাঠানো হয়েছে এবং শিগগিরই সেগুলোর বিস্তারিত জানানো হবে।
দেশের চলচ্চিত্র অঙ্গনে ঈদ ছাড়া বছরের বাকি সময় নতুন দেশীয় সিনেমার সংকট থাকায় অনেক প্রেক্ষাগৃহ লোকসানের মুখে পড়ে। ফলে হল মালিকদের একটি বড় অংশ নিয়মিত মানসম্পন্ন হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিচ্ছেন। এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললে বাংলাদেশের প্রেক্ষাগৃহে আবারও একসঙ্গে একাধিক আলোচিত ভারতীয় সিনেমা মুক্তির পথ খুলে যাবে।



