পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি এখনো রাজনীতির লড়াইয়ে সক্রিয় আছেন এবং বিজেপির শাসনের অবসান না দেখা পর্যন্ত বেঁচে থাকতে চান। সাম্প্রতিক রাজনৈতিক সংকটের মধ্যেও দলকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক ফেসবুক বার্তায় ৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বয়স নিয়ে সমালোচনার জবাব দেন। তিনি বলেন, মানুষের বয়স তার মন, শরীর ও মানসিক শক্তি দিয়ে বিচার করা উচিত। বয়স নিয়ে কাউকে অপমান করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
মমতা দাবি করেন, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন রাজনৈতিক প্রতিপক্ষ চেয়েছিল তিনি যেন ভেঙে পড়েন। তবে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং বিজেপির পতন না দেখা পর্যন্ত বেঁচে থাকতে চান বলে উল্লেখ করেন।
টিএমসি প্রধান বলেন, অতীতের মতো এবারও তিনি দলকে নতুন করে সংগঠিত করতে পারবেন। দল থেকে কেউ চলে গেলে তাতে বিচলিত নন উল্লেখ করে তিনি বলেন, ‘যারা যেতে চায়, তারা চলে যাক। যা থাকবে, সেটাই আমার সোনার খনি।’
তিনি আরও বলেন, ১৯৯৭ ও ২০০৪ সালের মতো কঠিন সময়েও তিনি দলকে গড়ে তুলেছিলেন। এবারও সেই সাহস ও সক্ষমতা তার রয়েছে। নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে সাম্প্রতিক সময়ে টিএমসির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, দলীয় বিদ্রোহ এবং ২১ জুলাই শহীদ দিবসকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মমতার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



