রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে প্রায় ৪৫ বছর পর রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার নথি অনুযায়ী, ১৯৮১ সালের ৩১ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লক্ষ্য করে প্রথম গুলি করেন মোজাফফর হোসেন।
গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে শনাক্ত করতে তার মেয়ের কর্মস্থল এবং নাকের নিচে থাকা একটি জন্মচিহ্ন গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ব্যবহৃত হয়। কয়েক মাসের নজরদারির পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
তদন্ত নথি অনুযায়ী, ১৯৮১ সালের সামরিক অভ্যুত্থানে মোজাফফর হোসেন কিলিং স্কোয়াডের সক্রিয় সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম সার্কিট হাউসে হামলার সময় তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি করেন। পরে চট্টগ্রাম সেনানিবাসে ফোন করে রাষ্ট্রপতি নিহত হওয়ার তথ্যও জানান।
রাষ্ট্রপতি হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন ছিলেন মোজাফফর হোসেন। তবে ঘটনার পর থেকেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং দীর্ঘ সময় ভারতসহ বিভিন্ন দেশে ভুয়া পরিচয়ে আত্মগোপন করেন বলে গোয়েন্দাদের দাবি।
ডিবির তথ্যমতে, জীবনের শেষদিকে তিনি গোপনে বাংলাদেশে ফিরে বনানী ডিওএইচএস এলাকায় ভিন্ন পরিচয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত এই সাবেক সেনা কর্মকর্তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।



