জুলাই গণহত্যার বিচার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে কর্মসূচিটি শুরু হয়।
কফিন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলপাড়া, ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সংহতি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর বিভিন্ন নেতা। বক্তারা জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র সহসভাপতি হাসিব আল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাঈম আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং বৈষম্যহীন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তাদের মতে, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে অপরাধীদের বিচার এবং জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা বাস্তবায়ন জরুরি।



