তীব্র গরমে ইজিবাইকে যাত্রীদের অপেক্ষা করার কষ্ট লাঘব করতে নওগাঁ শহরের গোস্তহাটীর মোড়ে অভিনব পদ্ধতিতে ছাতাযুক্ত স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেছে একটি স্থানীয় সমিতি।
নওগাঁ শহরের গোস্তহাটীর মোড়ে অবস্থিত শৈলগাছী ইজিবাইক স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৮০টি ইজিবাইক নওগাঁ সদর থেকে শৈলগাছী ইউনিয়ন সড়কে চলাচল করে। বর্তমানে জেলাটিতে প্রখর রোদের পাশাপাশি তীব্র গরম চলছ। ইজিবাইকগুলোর সিরিয়াল নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত স্থানে অন্য যাত্রীদের জন্য খানিকটা সময় অপেক্ষা করতে গিয়ে তীব্র গরমে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
যাত্রীদের এই কষ্টের কথা বিবেচনা করে শৈলগাছী চার্জার সমিতির পক্ষ থেকে স্ট্যান্ডে একটি বড় ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করতে সেই ফ্যানের ওপর একটি ছাতাও বেঁধে দেওয়া হয়েছে। এই অভিনব উদ্যোগের ফলে ইজিবাইকে বসে থাকা যাত্রীরা এখন প্রচণ্ড গরমেও স্বস্তির বাতাস পাচ্ছেন।
নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে আসা মাসুমা খাতুন নামের এক যাত্রী নিজের অনুভূতি প্রকাশ করে আঞ্চলিক ভাষায় বলেন, ‘ফ্যানের বাতাসোত আরামে বোসা আছি। গরম লাগোছে না।’
অনুরূপভাবে শৈলগাছী দীঘির পাড়ে যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকে দীর্ঘক্ষণ বসে থাকা মোয়াজ্জেম হোসেন নামের আরেক যাত্রী বলেন, ‘আজ শুক্রবার তো তাই যাত্রী কম। ফ্যানের বাতাসোত বোসে থাকতে তেমন কষ্ট হছেনা। গরমত বাতাস প্যায়া ঝিমানি ধরিছে।’
শৈলগাছী চার্জার স্ট্যান্ড সমিতির চেইন মাস্টার দানেশ উদ্দীন এই উদ্যোগ সম্পর্কে জানান, ‘গরমে যাত্রীদের কষ্ট দেখে সমিতির পক্ষ থেকে স্ট্যান্ড ফানের ব্যবস্থা করা হয়েছে। এতে যাত্রীরা স্বস্তিতেই বসে থাকেন। গাড়ি ছাড়ার জন্য আগের মতো তাগিদ দেয় না।’



