দেশের ১৬ জেলার ওপর শুক্রবার (১৭ জুলাই) রাতের মধ্যেই দমকা হাওয়াসহ বজ্রঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, শুক্রবার রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ দুর্বল হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
১৮ ও ১৯ জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
২০ জুলাই পর্যন্তও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়া ২১ ও ২২ জুলাই দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। এছাড়া ভোলা, সৈয়দপুর, চট্টগ্রাম, হাতিয়া, খুলনা, তাড়াশ, বগুড়া, গোপালগঞ্জ ও সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা ও বজ্রঝড়ের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।



