বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ছবি শেয়ার করে তিনি বলেন, বয়সকে হার মানিয়ে মেসি যেভাবে ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছেন, তা বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উদাহরণ।
শাকিরা তার বার্তায় লিখেছেন, লিওনেল মেসি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অদম্য মানসিক শক্তির প্রতীক। নানা সমালোচনা ও সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে যেভাবে তিনি নিজের সেরা পারফরম্যান্স ধরে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, “মেসি প্রমাণ করেছেন একজন মানুষকে কখনোই বয়স বা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা উচিত নয়। প্রতিভা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।”
মেসির সাফল্যের পেছনে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন শাকিরা। তার মতে, আন্তোনেলার সমর্থন, ভালোবাসা ও অনুপ্রেরণাই মেসিকে বারবার নতুন করে নিজেকে প্রমাণ করার শক্তি জুগিয়েছে।
শাকিরা বলেন, “আন্তোনেলার মতো একজন জীবনসঙ্গী পাশে থাকায় মেসি প্রতিনিয়ত অনুপ্রাণিত হন। একজন সফল মানুষের পেছনে পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ, তারা তার উজ্জ্বল উদাহরণ।”
শাকিরার এই বার্তাটি পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আন্তোনেলা রোকুজ্জো, যা ফুটবলপ্রেমী ও মেসি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। রবিবার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা, আর স্পেন লড়বে নিজেদের ইতিহাসে নতুন শিরোপা যোগ করার জন্য।



