জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। তার অভিযোগ, স্বৈরাচারী শাসনামলে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, ফলে বাগেরহাট পিছিয়ে পড়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে বাগেরহাট অফিসার্স ফোরাম আয়োজিত আঞ্চলিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার বলেন, “বাগেরহাট অত্যন্ত অবহেলিত একটি জেলা। স্বৈরাচারের আমলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফ্যাসিবাদের ১৫-১৭ বছরে গোপালগঞ্জের মানুষ এসে বাগেরহাটকে শাসন করেছে, কিন্তু জেলার উন্নয়নে উল্লেখযোগ্য কিছু করেনি। এখন আমরা বাগেরহাটের জন্য উন্নয়ন নিয়ে আসতে চাই।”
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতৃত্ব নীতিনির্ধারণ করে, আর স্থানীয় প্রশাসন সেই নীতির বাস্তবায়ন করে। দুই পক্ষের সমন্বিত প্রচেষ্টায় সমাজ, রাষ্ট্র ও দেশের উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করলে বাগেরহাটসহ সারা দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



