অল ক্রাইমস.টিভি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। শনিবার রিপাবলিকান গভর্নরদের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে ট্রাম্প জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে সমন্বয় করে গ্রিনল্যান্ডে অসুস্থ ও প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়া মানুষের সহায়তায় একটি বড় হাসপাতাল জাহাজ পাঠানো হচ্ছে। তিনি দাবি করেন, জাহাজটি ইতোমধ্যে রওনা দিয়েছে।
তবে এ বিষয়ে হোয়াইট হাউস, ল্যান্ড্রির দপ্তর কিংবা মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। জাহাজটি ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের অনুরোধে পাঠানো হচ্ছে কি না, তাও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। অঞ্চলটি যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার আগ্রহ অতীতে একাধিকবার প্রকাশ করেছেন ট্রাম্প। সম্প্রতি এ ইস্যুতে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে।
এদিকে ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে, ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টা আগে গ্রিনল্যান্ডের জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের এক নাবিকের জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। পরে তাকে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনার সঙ্গে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণার কোনো সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি।
মার্কিন নৌবাহিনীর দুটি হাসপাতাল জাহাজ রয়েছে— ইউএসএনএস মার্সি ও ইউএসএনএস কমফোর্ট। তবে এগুলোর কোনোটিই লুইজিয়ানায় অবস্থান করছে না।



