ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে মঞ্চে উঠছেন। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে রাত ১১টা ৩০ মিনিটে পারফর্ম করবেন তিনি।
এর আগে সঞ্জয় দেবের পরিবেশনার সময় সন্ধ্যা ৬টা নির্ধারণ করা হলেও আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনসের প্রকাশিত নতুন সূচি অনুযায়ী তার পরিবেশনা শুরু হবে রাত সাড়ে ১১টায়। তার আগে মঞ্চে পারফর্ম করবেন ডিজে জুডু।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’-এর আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার, লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্সসহ নানা বিনোদনমূলক আয়োজন থাকছে এই অনুষ্ঠানে।
ফ্যান ফেস্টের উদ্বোধনী দিনে পারফর্ম করেন ফিরোজ জং ও ডিজে সুমন। এরপর একে একে মঞ্চ মাতান ব্ল্যাক জ্যাং, ডিজে তন্ময়, তাসনিম আনিকা, ডিজে প্রিয়ন্তী, মিলা ইসলাম, ডিজে রিশাদ, ডিজে তৃষা ও ডিজে সানী।
সঞ্জয় দেব দেশে ফিরেই কনসার্টের প্রস্তুতি শুরু করেছেন। তিনি ভেন্যু পরিদর্শনের পাশাপাশি ভক্তদের উদ্দেশে ভিডিও বার্তাও দিয়েছেন। বনানীর একটি স্টুডিওতে তিনি টানা মহড়ায় ব্যস্ত সময় কাটিয়েছেন।
সঞ্জয় জানান, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার অভিজ্ঞতা নিয়ে দেশের দর্শকদের সামনে দাঁড়াতে পারা তার জন্য বিশেষ অনুভূতির। এক ঘণ্টার পরিবেশনায় ফিফার অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘সির সির’সহ নিজের জনপ্রিয় কিছু ট্র্যাক পরিবেশন করবেন তিনি।
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বে সঞ্জয় দেবের পারফরম্যান্স ব্যাপক প্রশংসা পায়। তার পোশাকেও ফুটে উঠেছিল বাংলাদেশের পরিচয়। মেরুন রঙের স্যুটে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের প্রতীকী নকশা তুলে ধরেছিলেন তিনি।
বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেব বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। বিশ্বকাপ ফাইনাল ঘিরে তার এই বিশেষ পরিবেশনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।



