স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী এ কর্মশালায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি প্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। কর্মকর্তাদের নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, জনগণের বাস্তব কল্যাণে আসে এমন উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। প্রশাসনিক কার্যক্রমে নিয়মনীতি মেনে নির্বাচিত সরকারের নীতি, কর্মসূচি ও অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাদের ভূমিকা রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করার কথা বলেন।
তিনি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার প্রসার এবং কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



