গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনলাইন জুয়া ও আর্থিক সংকটের কারণে মানসিক চাপে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া (দশানি) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদ আলী (৫০) ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, জোবেদ আলী দীর্ঘদিন ধরে জুয়া ও অনলাইন ক্যাসিনোতে আসক্ত ছিলেন। আর্থিক সংকট ও মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা অনলাইন ক্যাসিনো ও অবৈধ জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



