ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকাশিত তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৮.৮৬ মিটার, যা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে। অন্যদিকে সুনামগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা ৭.৩৫ মিটার, যা বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে রয়েছে। লাউয়ারগড়ে ৭.৪৪ মিটার এবং দিরাইয়ে ৬.০৬ মিটার পানি প্রবাহিত হলেও অধিকাংশ পয়েন্টে পানির উচ্চতা বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।
রোববার রাত থেকে পাহাড়ি ঢলের পানি তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকায় আবারও লোকালয়ে প্রবেশ করেছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। অনেক পরিবার রাতেই ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
চারাগাঁও গ্রামের বাসিন্দা পিন্টু দাস জানান, রাতের মধ্যে হঠাৎ পানি বেড়ে বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। এতে পরিবারের সদস্যদের নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
অন্যদিকে সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকায় টানা বৃষ্টিতে সড়কে পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের চাপ বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



