হরমুজ প্রণালিতে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের ‘অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ’ ব্যবহার করে চলাচলের চেষ্টা করছিল। খবর মিডল ইস্ট আই।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং এ ধরনের কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। সংস্থাটি দাবি করে, এ অঞ্চল ইরানের নিরাপত্তা স্বার্থের সঙ্গে সম্পৃক্ত এবং এখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল, গ্যাস কিংবা রাসায়নিক সারবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে না।
তবে আইআরজিসির হামলার দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব অভিযান পরিচালিত হয়েছে।
সেন্টকম জানায়, ১৯ জুলাই রাত ১০টা (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) অভিযান শেষ হয়। তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।



