রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।” তবে এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে অবগত নয় বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
সাংবাদিকরা যখন বলেন, বিষয়টি শুধু গুঞ্জন নয়, বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, তখন সালাহউদ্দিন আহমদ জবাবে বলেন, “তাহলে আপনারা রাষ্ট্রপতিকেই জিজ্ঞেস করতে পারেন।”
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী চাইলে স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। সংবিধানে এ বিষয়ে প্রয়োজনীয় বিধান রয়েছে।
তবে তিনি স্পষ্ট করে জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা অবহিতকরণ পায়নি।



