মুন্তাসির মামুন
রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ফুটপাতের দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর-১৩–এর ই-ব্লকে ওপেক্স গার্মেন্টস ও শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী (৪৫)। তিনি কাফরুল থানা যুবদলের কর্মী বলে জানা গেছে। তাঁর বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার শাকরাল এলাকায়।
গুলিবিদ্ধ অপর দুজন হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। নালাম ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন এবং মনির ফুটপাতে কাপড় বিক্রি করেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ইউসুফ, নালাম ও মনির গুলিবিদ্ধ হন। স্বজন ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ইউসুফের বুকের ডান পাশে গুলি লেগেছিল। নালাম মাথার ডান পাশে এবং মনির বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর স্থানীয় লোকজন সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে জানা গেছে। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই প্রাথমিকভাবে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব মো. হাফিজুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হয়েছেন বলে তথ্য পাওয়া গিয়েছিল। তবে পরবর্তী সময়ে হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যে গুলিবিদ্ধ তিনজন হিসেবে ইউসুফ আলী, নালাম সরদার ও মনির হোসেনের নাম পাওয়া গেছে। হাফিজুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এ হামলা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।



