ঢালিউড সুপারস্টার শাকিব খান দীর্ঘদিন পর নিজের ব্যক্তিগত জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন এবং তাকেই জীবনসঙ্গী হিসেবে দেখতে চেয়েছিলেন। তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে শাকিব খান বলেন, তাদের বাড়ি কাছাকাছি হওয়ায় দুজনের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। তিনি জানান, ওই তরুণীকে বিয়ে করার ইচ্ছা ছিল এবং তার সঙ্গে সংসার করার স্বপ্নও দেখেছিলেন।
শাকিব বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমিও সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’
অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনও মিস করেন কি না। উত্তরে শাকিব খান বলেন, তিনি এখনও সেই স্মৃতি ভুলতে পারেননি এবং একা থাকলে প্রায়ই অতীতের সেই সম্পর্কের কথা মনে পড়ে।
আরও জানতে চাওয়া হয়, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। জবাবে শাকিব বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’
দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এমন আবেগঘন অভিজ্ঞতা প্রকাশ করায় ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শাকিব খানের এই স্বীকারোক্তি নিয়ে চলছে নানা আলোচনা।



