বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, হাইকমিশনার প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বার্থের ভিত্তিতেই ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রেখে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য তারা অপেক্ষা করছেন। তার প্রত্যাশা, এই সফর বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও গভীর ও ইতিবাচক পর্যায়ে নিয়ে যেতে সহায়ক হবে।



