কিশোরগঞ্জের মিঠামইনে মেয়েকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. বাছির উদ্দিন মিলন নামে এক ব্যক্তি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাছির উদ্দিন মিলন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা এবং মো. আবু বাক্কার মাস্টারের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, ছুটিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন মিলন। নৌকায় ঘোরাঘুরির একপর্যায়ে করিমগঞ্জ উপজেলার শেষ সীমান্ত ও মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় নৌকা থামিয়ে পরিবারের সদস্যরা পানিতে গোসল করতে নামেন।
এ সময় অসাবধানতাবশত মিলনের মেজো মেয়ে শেমন্ত্রী আক্তার পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন বাবা। পরে মেয়েকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সক্ষম হলেও নিজে নদীর স্রোতে তলিয়ে যান।
স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর বাছির উদ্দিন মিলনের মরদেহ উদ্ধার করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাছির উদ্দিন মিলন পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।



