ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির আন্দোলনরত ছাত্র-তরুণদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।
নাহিদ ইসলাম বলেন, ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘটনা আন্দোলনরত ছাত্র-তরুণদের সফলতার প্রতিফলন। তিনি তাদের সাধুবাদ জানিয়ে বলেন, বিভিন্ন দেশে তরুণদের জেগে ওঠার ধারাবাহিকতায় নতুন পরিবর্তনের সূচনা হচ্ছে।
তিনি আরও বলেন, তরুণদের আন্দোলন ও জনসম্পৃক্ততা বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করছে। একই সঙ্গে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এবং জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
বিএনপির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব, তরুণদের আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের বিষয়গুলো ভুলে গেলে রাজনৈতিকভাবে এর প্রভাব পড়বে।
সংস্কার ইস্যুতে তিনি বলেন, সংস্কার বনাম সংশোধন নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার পরও এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দেশের মানুষ পরিবর্তনের জন্য ত্যাগ স্বীকার করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।



