জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মাদকসেবন, অনৈতিক সম্পর্ক, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী শামিয়া খান এশা। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২৬ জুলাই) রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এশা।
তিনি জানান, ২০১৯ সালের ১৯ জুলাই আরিফ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর শুরুতে সংসার স্বাভাবিক থাকলেও পরে স্বামীর আচরণে পরিবর্তন আসে বলে অভিযোগ করেন তিনি।
এশার দাবি, তার স্বামী নিয়মিত মাদকসেবন শুরু করেন এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে তার কাছে ভিডিও, অডিওসহ বিভিন্ন প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ৪০ লাখ টাকা যৌতুক দাবি করা হয় এবং পরে আরও অর্থ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে এশা অভিযোগ করেন, গত ৯ জানুয়ারি জয়পুরহাটের ভাড়া বাসায় যৌতুকের দাবিতে তাকে ও তার শিশুকন্যাকে নির্যাতন করা হয়। পরে তিনি আইনগত সহায়তা নেন।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং জয়পুরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেছেন বলেও উল্লেখ করেন।
এশার দাবি, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার বা ক্লোজড করা হোক।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।



