বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে প্রতিমন্ত্রী ইউএইতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণ ও বৈধ স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শামা ওবায়েদ ইসলাম ২০২৬ সালের মধ্যে ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ কনস্যুলার কমিটির সভা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা করেন, এ সভার মাধ্যমে কনস্যুলার ও অভিবাসনসংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়বে।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়েও আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
এ ছাড়া বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) সংক্রান্ত আলোচনা এগিয়ে নেওয়া এবং জয়েন্ট বিজনেস কাউন্সিল সক্রিয় করার বিষয়ে একমত হয় দুই পক্ষ।
ইউএই রাষ্ট্রদূত সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক কল্যাণে বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



