নওগাঁর আত্রাই উপজেলায় নিজ ঘর থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বান্দাইখাড়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিমন হাসান একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লিমন হাসান নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।



